বগুড়া বিমানবন্দরকে ঘিরে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের পৌরপার্কে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজিত পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি যাত্রীবাহী বিমান চলাচলের পাশাপাশি কার্গো বিমান পরিচালনাও শুরু করা সম্ভব হবে। এতে কৃষিপণ্য ও শিল্পপণ্য দ্রুত পরিবহনের সুযোগ তৈরি হবে।


প্রতিমন্ত্রী আরও জানান, বিমানবন্দর উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে বগুড়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বা বিজনেস হাবে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং বিনিয়োগ ও শিল্পায়নের গতি আরও বাড়বে।


এছাড়া তিনি সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, প্রকল্পটির ভূমি অধিগ্রহণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।


অনুষ্ঠানে তিনি আরও জানান, শহরের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে এবং দ্রুত কার্যকর সমাধান নেওয়া হবে।


প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার বগুড়ার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামী দিনে এই অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতিতে বড় পরিবর্তন আসবে।